পথচারীর মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ছাত্রলীগ নেতা গোলাম রব্বানীকে আটক করেছে পুলিশ।
তিনি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের শহীদ মসিয়ূর রহমান হল শাখার সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে।
শুক্রবার রাত ১০টার দিকে শহরের রেজিস্ট্রি অফিসের সামনে থেকে তাকে আটক করেন যশোর কসবা পুলিশ ফাঁড়ির সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করে কসবা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সুকুমার কুণ্ডু জানান, শুক্রবার রাতে যশোর সদরের রঘুরামপুর এলাকার বাসিন্দা সাজ্জাদ হোসেন ইমন রেজিস্ট্রি অফিসের সামনে দিয়ে যাচ্ছিলেন। সেসময় গোলাম রব্বানী ও তার এক সহযোগী মিলে ইমনের মুঠোফোন ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় পুলিশ তাদের আটক করে। পরে এ ঘটনায় ইমন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা করেছেন।
এসআই জানান, সম্প্রতি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মারামারির ঘটনায় দায়ের হওয়া মামলার ৫ নম্বর আসামি রব্বানী। তিনি বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের ছাত্র। তার বাড়ি জয়পুরহাট জেলা সদরে।