ব্যবসায়ীকে কুপিয়ে ৬ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ 

আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ০৪:২৯ পিএম

চট্টগ্রাম নগরে জাকির হোসেন নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে প্রায় ৬ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। শহরের তিনপুলের মাথায় শনিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ১২টায় এই ঘটনা ঘটে। গুরুতর আহত জাকির হোসেনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত জাকির হোসেন রিয়াজউদ্দিন বাজার শ্রমিকদলের সহসভাপতি।

তিনি জানান, রাতে ব্যবসা প্রতিষ্ঠান থেকে নিজ বাড়ি যাওয়ার সময় তিন পুলের মাথায় পৌঁছলে আগে থেকেই ওঁত পেতে থাকা দশজনের একটি দল তার ওপর হামলা চালায়। এ সময় তার কাছে থাকা নগদ ৬ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে তাকে হত্যার উদ্দেশ্যে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত করে তারা। পরে তাকে মৃত ভেবে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করেন। পরে এক পথচারী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

তবে তার অভিযোগ, এ ঘটনায় জসীম উদ্দীন আরমান, সিরাজুল ইসলাম সিরাজ, দিদারুল আলম কালুদিদার ও আবু সালেহ আবিদের সম্পৃক্ততা রয়েছে। এছাড়া হামলায় আরও ৬/৭ জন অজ্ঞাত ব্যক্তি জড়িত ছিলেন।

নগরের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, ঘটনা জানার পরপরই পুলিশ কাজ শুরু করেছে। হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আনুষ্ঠানিক কোনো অভিযোগ না পেলেও বিষয়টি পুলিশ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এসেছে।

ব্যবসায়ী নেতারা জানায়, রিয়াজউদ্দিন বাজার চট্টগ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র। একজন ব্যবসায়ীর ওপর হামলা ও বিপুল অঙ্কের টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে ব্যবসায়ী মহলে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত