ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ- সিপিএলে খেলতে সাকিব আল হাসান এখন ওয়েস্ট ইন্ডিজে। এবারের মৌসুমে বার্বাডোজ ট্রাইটেন্ডসে খেলবেন বাংলাদেশ দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক।
শনিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্বাডোজ ট্রাইটেন্ডসের সতীর্থদের সঙ্গে সাকিব একটি ছবি পোস্ট করেছেন। ফেইসবুক ও টুইটারে ছবিটি পোস্ট করে সাকিব ক্যাপশনে লিখেছেন- ‘টিম বার্বাডোজ।’
রবিবার ও সোমবার পর পর দুই দিন টানা দুই ম্যাচ খেলবে সাকিবদের বার্বাডোজ। ধারণ করা হচ্ছে সব ঠিক থাকলে রবিবারই মাঠে নামবেন সাকিব। এদিন সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে খেলবে বার্বাডোজ। পরদিন দলটির ম্যাচ ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে।
৬ দলের আসরে সাকিবদের দলের অবস্থান পঞ্চম। লিগ পর্বে মোট তিনটি ম্যাচ বাকি তাদের। সাকিব দলটাকে টানতে পারেন কিনা সেটিই দেখার।
এদিকে শনিবার সকালে সিপিএলে অভিষেক হয়েছে বাংলাদেশের আরেক তারকা লিটন দাসের। জ্যামাইকা তালাওয়াশের হয়ে সেন্ট লুসিয়া জোকসের বিপক্ষে এদিন মাঠে নামেন লিটন। তার দল অবশ্য হেরেছে। অভিষেকে ২১ বলে ১ চারে ২১ রান করেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। সবার তলানিতে থাকা লিটনের দলের ম্যাচ বাকি আর একটি।