কুড়িগ্রামের রাজারহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক সংবাদের রাজারহাট প্রতিনিধি, সহকারী অধ্যাপক সাজেদুর রহমান মণ্ডল চাঁদের ওপর হামলার প্রতিবাদ ও সংশ্লিষ্টদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রাজারহাট প্রেসক্লাবের আয়োজনে শনিবার সকাল ১১টায় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সাজেদুর রহমান মণ্ডল চাঁদের ঠিকাদারি প্রতিষ্ঠানে চাঁদা না পেয়ে একদল সন্ত্রাসী তার ওপর বর্বর হামলা চালিয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু নুর মো. আক্তারুজ্জামান, সরকারি মীর ইসমাইল হোসেন কলেজের অধ্যক্ষ সফিকুল ইসলাম রানা, উপাধ্যক্ষ সাইফুল মোস্তফা, সহকারী অধ্যাপক দিলরুবা বেগম, প্রেসক্লাব সভাপতি এসএ বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।
গত ২৪ সেপ্টেম্বর বৈদ্যেরবাজার মোটরসাইকেলের গতিরোধ করে দেশীয় অস্ত্র দিয়ে সাজেদুর রহমান মণ্ডল চাঁদের ওপর হামলা চালায়। পরে তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় স্ত্রী ফরিদা ইয়াসমিন রিতা বাদী হয়ে, মশিউর রহমান বিপ্লবসহ ৮ জনকে আসামি করে মামলা দায়ের করেন। এ পর্যন্ত আসামিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।