স্কুলছাত্রকে ছুরি মেরে হত্যা

ঢাকার ধামরাইয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতির সময় বাধা দেওয়ায় রমজান আলী (১৫) নামে নবম শ্রেণি পড়–য়া এক স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এসময় তারা ওই বাড়ি থেকে নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। গতকাল শনিবার গভীর রাতে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের জালসা গ্রামের আবু সাইদ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। এর আগে ডাকাত সদস্যরা একই এলাকার আজাহার আলী ও শাজাহান মিয়ার বাড়িতে হানা দিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে।

নিহত স্কুলছাত্র রমজান আলী উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের জালসা গ্রামের আবু সাঈদের ছেলে।

নিহতের চাচা আজিজুল জানান, গত রাতে ৮-১০ জনের একটি ডাকাত দল সাইদ মিয়ার বাড়িতে প্রবেশ করে দেশীয় অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণাংকার লুট করে। একপর্যায়ে গৃহকর্তা সাইদ মিয়ার ছেলে রমজান ডাকাতদের বাধা দিলে ডাকাতরা তার ঘাড়ে ও পিঠে ছুরিকাঘাতে জখম করে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় স্কুলছাত্রকে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

এদিকে ডাকাতি ও হত্যাকাণ্ডের খবর পেয়ে ঢাকা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, এ ঘটনায় ধামরাই থানায় একটি মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।