ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ী সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুলাল হোসেন (৩০) নামে এক যুবক আহত হয়েছেন। রবিবার ভোরে বেউরঝাড়ি সীমান্ত এলাকার ৩৭৯/৭ নম্বর সীমানা পিলারের আনুমানিক ৫০ গজ ভেতরে এ ঘটনা ঘটে।
আহত দুলাল হোসেন বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের চুড়ইগদি গ্রামের সবরাতুর ছেলে।
তবে পরিবারের লোকজন বিষয়টি গোপন রেখে রংপুরে কোনো এক ক্লিনিকে আহত দুলালের চিকিৎসা করাচ্ছেন বলে জানান ওই ইউনিয়নের চেয়ারম্যান মো. আকালু।
তিনি বলেন, ওই যুবকের হাতে ও পায়ে গুলিবিদ্ধের কথা শুনেছি।
স্থানীয়দের বরাতে চেয়ারম্যান মো. আকালু মুঠোফোনে জানান, রবিবার ভোরে অবৈধভাবে ভারত থেকে গরু আনতে যান ওই যুবক। বেউরঝাড়ি সীমান্ত ফাঁড়ির ৩৭৯/৭ নম্বর সীমানা পিলারের আনুমানিক ৫০ গজ ভেতরে ভারতীয় এলাকায় ১৭১ বিএসএফ ব্যাটালিয়নের বড়বিল্লাহ ক্যাম্পের টহল দল দুলালকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে দুলাল আহত অবস্থায় সীমান্ত পার হয়ে পালিয়ে আসেন।
তবে ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সামিউন্নবী বলেন, ‘গুলিতে আহতের ঘটনায় আমরা অবগত নই। তবে ঘটনা জানতে বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।’