বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ হস্তান্তর

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৩ পিএম

ঝিনাইদহের মহেশপুর খালিশপুর ৫৮ বিজিবির অধীন জীবননগর উপজেলার মাধবখালী সীমান্তে বিএসএফের গুলিতে নিহত শহিদুল ইসলামের মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

নিহত হওয়ার এক সপ্তাহ পর আজ দুপুরে চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করে ভারতীয় পুলিশ।

শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে সীমান্ত পিলার ৬৪/এমপি এর নিকট বিজিবি-বিএসএফর উপস্থিতিতে ভারতীয় পুলিশ জীবননগর থানা পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করে। ভারতের টুঙ্গী বিএসএফ ক্যাম্পের সদস্যদের উপস্থিতিতে মরদেহটি সনাক্ত করার পর তা গ্রহণ করেন নিহত শহিদের বাবা লস্কর আলী মালিতা, ছোট ভাই রুহুল আমিন, সীমান্ত ইউপি সদস্য শাহিনা খাতুন ও সাইফুল ইসলাম পাকু।

আজ মহেশপুর ৫৮ বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৯ নভেম্বর মাধবখালী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৭০/এমপি হতে ২০০ গজ ভারতের অভ্যন্তরে অবৈধভাবে প্রবেশ করলে টুঙ্গি বিএসএফ ক্যাম্পের সদস্যরা শহীদকে গুলি চালিয়ে হত্যা করে।

এ ঘটনায় ৩০ নভেম্বর বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠকে বাংলাদেশের তরফ থেকে নিরস্ত্র বাংলাদেশী নাগরিকদের ওপর গুলি চালানোর তীব্র প্রতিবাদ জানান মহেশপুর ৫৮ বিজিবি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত