বাংলাদেশের সিনেমায় বলিউডের পূজা চোপড়া

বাংলাদেশের সিনেমায় কলকাতার অভিনয়শিল্পীরা আগে থেকেই অভিনয় করছেন। এবার এই তালিকায় যুক্ত হচ্ছেন বলিউডের অভিনয়শিল্পীরাও। ইতিমধ্যেই বলিউডের ইরফান খান কাজ করেছেন মোস্তফা সরয়ার ফারুকীর সিনেমায়। এরপর বাংলাদেশের মিউজিক ভিডিওতে অংশ নিয়েছেন সানি লিওনি। এবার বাংলাদেশের সিনেমায় কাজ করতে যাচ্ছেন বলিউডের পূজা চোপড়া।

জানা যায়, গুণী পরিচালক সিবি জামানের ‘অ্যাডভোকেট সুরাজ’ সিনেমায় পূজাকে দেখা যাবে।  ছবির নাম ভূমিকায় দেখা যাবে ‘হৃদয় রংধনু’খ্যাত অভিনেতা শামস হাসান কাদিরকে। ‘এডভোকেট সুরাজ’র প্রযোজনা প্রতিষ্ঠান এসএইচকে গ্লোবাল বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছে।

সম্প্রতি মুম্বাইয়ে সিনেমাটির জন্য পূজা চুক্তিবদ্ধ হয়েছেন। সেসময় উপস্থিত ছিলেন প্রযোজক ও অভিনেতা শামস হাসান কাদির ও বলিউডের জনপ্রিয় নৃত্য পরিচালক মাস্টার সৌরপ। উপস্থিত ছিলেন মিডিয়া অ্যাক্টিভিস্ট আমিনুল ইসলাম শাওনও।

এদিকে পূজা এক ভিডিও বার্তায় বলেন, ‘সবার জন্য দারুণ একটা সংবাদ হচ্ছে, আমি বাংলাদেশের সিনেমায় অভিনয় করতে যাচ্ছি। এর নাম ‘এডভোকেট সুরাজ’। এটি পরিচালনা করছেন নির্মাতা সি.বি. জামান। দেখা হচ্ছে শিগগিরই।’

উল্লেখ্য,  ২০০৯ সালে ফেমিনা মিস ইন্ডিয়া হন পূজা।  ২০১১ সালে তামিল সিনেমা ‘পোন্নার শঙ্কর’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক তার। এরপর বলিউডে ‘ফ্যাশন’, ‘হিরোইন’ ছবিতে কাজ করেন।  ২০১৩ সালে বিদ্যুৎ জামওয়ালের বিপরীতে ‘কমাণ্ডু’ সিনেমায় নায়িকা হিসেবে কাজ করেন। গত বছর ‘আইয়ারি’ সিনেমাতেও তাকে অভিনয় করতে দেখা গেছে।