নাটোর পৌর আওয়ামী লীগের সভাপতি মুকুল, সম্পাদক চুন্নু

নাটোরে দীর্ঘ ছয় বছর পর জাঁকজমকভাবে পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । শনিবার নবাব সিরাজ উদ্ দৌলা সরকারি কলেজ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের উদ্বোধন করেন নাটোর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শিমুল। 

পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি অপূর্ব চক্রবর্তীর সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন, নাটোর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. সাজেদুর রহমান খান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জজ কোর্টের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, অধ্যক্ষ শামছুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্ত্তজা আলী বাবলু ও দপ্তর সম্পাদক দিলীপ দাসসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 

সম্মেলনের প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে গোপন ভোটের মাধ্যমে দলের নতুন নেতা নির্বাচন করা হয়। 

এতে নাটোর পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাক আলী মুকুল সভাপতি এবং হাবিবুর রহমান চুন্নু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ ছাড়া নাটোর পৌর এলাকার নয় ওয়ার্ডের সভাপতি ও সম্পাদকের নাম ঘোষণা করা হয়। 

সর্বশেষ ২০১৩ সালে নাটোর পৌর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।