নড়িয়ায় পানিসম্পদ প্রতিমন্ত্রী

ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হয়েছে

শরীয়তপুর নড়িয়া-জাজিরা এলাকায় ভাঙন রোধে ৩৩ লাখ জিও ব্যাগ ফালানো হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।  তিনি বলেছেন, ‘এটি তিন বছরের প্রকল্প। এক বছরে যা কাজ করার কথা তার চেয়ে বেশি করেছি। এত বড় প্রকল্প রাতারাতি করা সম্ভব হয় না।’

গতকাল রবিবার দুপুরে নড়িয়া উপজেলার উত্তর কেদারপুর নড়িয়া রক্ষা বাঁধে ভাঙন পরিদর্শনে এসে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, নড়িয়া রক্ষা বাঁধে ভাঙন রোধে আমরা কাজ করছি। পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ও ব্লক ফেলে ভাঙন রোধের চেষ্টা করছে। কাজের কোনো ধরনের ঘটতি হয়নি। আগামী বছর থেকে প্রতিটি বাঁধ দেওয়ার আগে ভালোভাবে পাড়গুলো ভেতর দেখে পরীক্ষা করা হবে।’ এ সময় পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেন, গত বছর নড়িয়ায় ৫ হাজার ৮১ পরিবার তাদের বাড়িঘর হারিয়েছেন। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে একটি প্রকল্পের কাজ শুরু হয়। দ্রুত কাজ করার কারণে এ বছর নড়িয়ার ভাঙন ঠেকেছে। নদীতে স্রোত ও পানি বৃদ্ধি পাওয়ায় এ বছর কিছু একটি জায়গায় সমস্যা দেখা দিয়েছে। এ সময় শরীয়তপুর জেলা প্রশাসক কাজী আবু তাহের, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা শিকদার, শরীয়তপুর পউবোর নির্বাহী প্রকৌশলী প্রকাশ কৃষ্ণ সরকার, নড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম ইসমাইল হক, নড়িয়া পৌরসভার মেয়র শহিদুল ইসলাম বাবু রাড়ি প্রমুখ উপস্থিত ছিলেন।