সন্তানদের শিক্ষার পাশাপাশি পুষ্টির বিষয়েও নজর দিতে মিড ডে মিল চালু করা হয়েছে উল্লেখ করে এ ক্ষেত্রে শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের সহযোগিতা চেয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। গতকাল রবিবার সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজে মিড ডে মিল কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান মন্ত্রী।
অনুষ্ঠান থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শিক্ষামন্ত্রী সিলেট বিভাগের চার জেলায় নতুন ১৪টি মাধ্যমিক বিদ্যালয়ে মিড ডে মিল কার্যক্রম উদ্বোধন করেন। তিনি বলেন, আমাদের সন্তানদের শিক্ষার পাশাপাশি পুষ্টির বিষয়েও নজর দিতে হবে। তারা সারা দিন বিদ্যালয়ে যাতে অভুক্ত না থাকে, সেই চিন্তা থেকে মিড ডে মিল চালু করা হয়েছে। পর্যায়ক্রমে দেশের সব বিদ্যালয় এই কর্মসূচির আওতায় আসবে। তিনি বলেন, বিদ্যালয়ের পাশে স্বাস্থ্যসম্মত উপায়ে খাবার রান্না ও পরিবেশনের ব্যবস্থা করা হচ্ছে। এ ক্ষেত্রে তিনি বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বিশিষ্টজনকে আন্তরিকভাবে সহযোগিতার আহ্বান জানান।
দীপু মনি বলেন, শিক্ষার উন্নয়নে সরকার কোনো আপস করবে না। এ ক্ষেত্রে যত সমস্যা-সংকট আছে সব অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করা হচ্ছে। দু-একটি বিশ্ববিদ্যালয়ে যে সমস্যা চলছে তা অচিরেই নিরসন হবে। কেবল শিক্ষার প্রসার নয়, গুণগত শিক্ষা নিশ্চিতে সরকার কাজ করছে।