রাজধানীর শাহআলী থানা এলাকা থেকে এক ভুয়া ডিআইজিকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক পশ্চিম বিভাগ। আটক আতাউর রহমান (৪৫) নামের ওই ব্যক্তি নিজেকে হাইওয়ে পুলিশের ডিআইজি হিসেবে পরিচয় দিতেন।
শাহআলী থানার ওসি সালাউদ্দিন মিয়া দেশ রূপান্তরকে জানান, গত শনিবার আতাউর রহমান নিজেকে হাইওয়ে পুলিশের ডিআইজি পরিচয় দিয়ে ট্রাফিক পশ্চিম বিভাগের পুলিশ পরিদর্শক রেজাউলকে ফোন করে একজন সার্জেন্টকে বিসিআইসি কলেজ গেটে পাঠাতে বলেন। টিআই রেজাউল তখন পুলিশ সার্জেন্ট সাইদুর রহমান টিপুকে সেখানে পাঠান। সেখানে ওই সার্জেন্টের কাছে কখনো হাইওয়ে পুলিশের ডিআইজি আবার কখনো র্যাব ইন্টেলিজেন্স শাখার অতিরিক্ত ডিআইজি পরিচয় দেন আতাউর। এতে সার্জেন্ট সাইদুর রহমানের সন্দেহ হলে তিনি টিআই রেজাউলকে বিষয়টি মোবাইলে জানান। তার পরামর্শে আতাউরকে বুঝিয়ে মিরপুর-১-এর সনি ট্রাফিক পুলিশ বক্সে নিয়ে যান। সেখানে জিজ্ঞাসাবাদে তিনি ২০তম বিসিএস ক্যাডার বলে দাবি করেন। নিজের বাড়ি রংপুর বলে জানান। কিন্তু প্রাথমিকভাবে যাচাই করে আতাউরের দেওয়া তথ্যের সত্যতা না পাওয়ায় তাকে শাহআলী থানায় দেওয়া হয়।
হাইওয়ে পুলিশের ডিআইজিসহ গোয়েন্দা বিভাগের ডিআইজি পরিচয় দিয়ে অনৈতিক সুবিধাসহ বেআইনি কাজ করার অভিযোগ এনে আতাউরকে গ্রেপ্তার দেখিয়েছে শাহআলী থানা।