ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপে ভারত

আগেই নিশ্চিত ছিল ইমার্জিং এশিয়া কাপ ২০১৯ এর আয়োজক বাংলাদেশ। রবিবার ৮ জাতির এই আসরের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৪ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। ২০১৭ সালের পর আবার টুর্নামেন্টটি হতে হচ্ছে বাংলাদেশে।

টেস্ট খেলুড়ে দেশগুলোর অনূর্ধ্ব-২৩ দল ও সহযোগী সদস্য দেশগুলোর জাতীয় দল খেলে থাকে এই আসরে। ৮ দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। স্বাগতিক বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। সঙ্গী হিসেবে পেয়েছে ভারত, হংকং এবং সংযুক্ত আরব আমিরাতকে। অন্যদিকে ‘এ’ গ্রুপে আছে শ্রীলঙ্কা, আফগানিস্তান, পাকিস্তান ও ওমান।

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামসহ মোট ৫ ভেন্যুতে হবে এবারের ইমার্জিং এশিয়া কাপের আসর। মিরপুর ছাড়াও অন্য চার ভেন্যু- কক্সবাজারে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও এই স্টেডিয়াম সংলগ্ন অ্যাকাডেমি মাঠ, বিকেএসপির ৩ ও ৪ নম্বর মাঠ।

বাংলাদেশের গ্রুপ অর্থাৎ ‘বি’ গ্রুপের সবগুলো ম্যাচই হবে বিকেএসপিতে। ‘এ’ গ্রুপের ম্যাচগুলো হবে কক্সবাজারে। দুটি সেমিফাইনাল ও ফাইনাল হবে মিরপুরে।

১৪ নভেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের মিশন শুরু করবে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ ১৬ নভেম্বর ভারতের বিপক্ষে। স্বাগতিকেরা গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। ২০ ও ২১ নভেম্বর টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল। ফাইনাল ২৪ নভেম্বর।

প্রতিযোগিতার সর্বশেষ দুই আসরে (২০১৭ ও ২০১৮) সেমিফাইনালে খেলে বাংলাদেশ। দুইবারই শ্রীলঙ্কার বিপক্ষে হেরে ফাইনাল খেলা হয়নি।