নগদ প্রায় ৫ লাখ টাকা ও ৩০৩ বোতল ফেনসিডিলসহ পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও স্কুলশিক্ষক মশিউর রহমান ওরফে শুভকে (৩৫) আটক করেছে পুলিশ।
রোববার রাত ১১টার দিকে পিরোজপুর পৌরসভার ঝাটকাঠী এলাকার নিজ বাসা থেকে শুভকে আটক করা হয়।
এ সময় তার সহযোগী ও পৌর এলাকার আলামকাঠী গ্রামের বাসিন্দা রনজিৎ কুমার বসুর ছেলে সঞ্জয় কুমার বসুকেও (৩০) আটক করা হয়।
শুভর খাটের গোপন কুঠুরি থেকে ফেনসিডিলের বোতল ও টাকা উদ্ধার হয়।
আটক শুভ পিরোজপুর সদর উপজেলার চিথলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং ছাত্রলীগ মনোনীত প্যানেলে পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজ ছাত্র সংসদের সাবেক ক্রীড়া সম্পাদক। তিনি সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের বড়জালা গ্রামের বাসিন্দা।
পিরোজপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বাদল জানান, শুভ নিজবাড়িতে বসে ফেনসিডিল বেচাকেনা করছেন এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় তার কাছ থেকে ৩০৩ বোতল ফেনসিডিল ও নগদ চার লাখ ৯৮ হাজার ৫৩০ টাকা উদ্ধার করা হয়।
সোমবার তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয় বলে পুলিশ জানায়।