ঝালকাঠির রাজাপুরে উপজেলা মৎস্য অফিসের পুকুরে বিষপ্রয়োগ করে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা।
সোমবার সকালে উপজেলা সদরের বাইপাস মোড় এলাকার সরকারি ওই পুকুরের মাছ মরে ভেসে উঠতে থাকে। মাছ নিধনের উদ্দেশ্যে গত রবিবার রাতের কোনো সময় বিষাক্ত পদার্থ প্রয়োগ করা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।
এলাকাবাসী জানায়, সোমবার ফজরের সময় পুকুরে ওজু করতে এলে মাছ মরে ভেসে উঠতে দেখে স্থানীয়রা। পরে জাল দিয়ে পুকুর থেকে বেশ কয়েক মণ মরা মাছ উদ্ধার করা হয়। শত্রুতাবশত মাছ নিধনের উদ্দেশ্যে রাতে পুকুরে বিষপ্রয়োগ করা হয়েছে বলে স্থানীয়দের ধারণা। চলতি বছরের শুরুতে এলাকার কয়েকজন যুবক মৎস্য অফিসের অনুমতি নিয়ে এ পুকুরে মাছ চাষ শুরু করে। তেলাপিয়া, রুই, কাতলা মৃগেলসহ বেশ কয়েক প্রজাতির মাছ চাষ করা হয়েছিল এ পুকুরে।
এ ব্যাপারে উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা আবুল বাশার বলেন, ‘আমি ঘটনাস্থলে গিয়ে পুকুরের পানি পরীক্ষা করে দেখেছি পুকুরে কোনো বিষাক্ত পদার্থ প্রযোগ করা হয়েছে। যে কারণে মাছগুলো মারা গেছে। পুকুরের তত্ত্বাবধানে যারা আছে তাদের থানায় সাধারণ ডায়েরি করতে বলা হয়েছে’।