ক্রিকেট মাঠে ব্যাটসম্যানদের বাহারি চার-ছক্কা, বোলারদের উইকেট নেওয়া, ফিল্ডারদের দুর্দান্ত ফিল্ডিংয়ের বাইরেও কত মজার ঘটনাই না ঘটে। অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেনের কথাই ধরা যাক। রান আউট করতে গিয়ে প্যান্ট খুলে গেল তার!
অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট মার্শ কাপে রবিবার এই ঘটনা ঘটে। কুইন্সল্যান্ড বনাম ভিক্টোরিয়ার খেলা চলছিল। সদ্য অ্যাশেজ মাতানো লাবুশেন তখন ফিল্ডিং করছিলেন কাভারে। তার দল কুইন্সল্যান্ড।
প্রতিপক্ষ ভিক্টোরিয়ার উইল সাদারল্যান্ড কাভারের দিকে বল ঠেলে দিয়েই ছুটলেন সিঙ্গের নিতে। কিন্তু লাবুশেন দুর্দান্ত ফিল্ডিংয়ে বল শুধু আটকালেন তা নয়, তার দারুণ থ্রো থেকে রান আউটও হয়ে যান নট স্ট্রাইকার প্রান্ত থেকে স্ট্রাইকের দিকে ছুটে যাওয়া ক্রিস ট্রিমেইন।
কিন্তু যখন বলটা ধরে থ্রো করতে যান লাবুশেন, তখন তার পেন্ট খুলে বেরিয়ে যায় অন্তর্বাস। লাবুশেন সেদিকে ভ্রুক্ষেপ না করে নিজের কাজটা করেন নিপুণভাবে। আউটটা করার পর অবশ্য হাসি ধরে রাখতে পারেননি লাবুশেন। এই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
সদ্য শেষ হওয়া অ্যাশেজে ইতিহাসে নাম ওঠে লাবুশেনের। লর্ডস টেস্টে চোট পাওয়ায় দ্বিতীয় ইনিংসে খেলতে পারেনি স্টিভেন স্মিথ। তার পরিবর্তে দ্বিতীয় ইনিংসে একাদশে ঢোকেন লাবুশেন। নতুন নিয়ম চালুর পর টেস্ট ইতিহাসে প্রথম পরিবর্তিত ক্রিকেটার হন তিনি।
ব্যাট হাতে অ্যাশেজে দারুণ সময় পার করেন। টানা চার ইনিংসে করেন ফিফটি।