প্রিয়াঙ্কা জামানকে বাঁচাতে সাহায্যের আহ্বান

গুরুতর অসুস্থ হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন মডেল প্রিয়াঙ্কা জামান। বর্তমানে রাজধানীর স্কয়ার হাসপাতালের লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তাকে কৃত্রিম উপায়ে অক্সিজেন দেওয়া হচ্ছে। 

প্রিয়াঙ্কা জামানের মা দেশ রূপান্তরকে জানান, গত সপ্তাহ থেকে প্রিয়াঙ্কা অসুস্থ। প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার আনা হয় স্কয়ার হাসপাতালে।

শুক্রবার মধ্যরাত থেকে প্রিয়াঙ্কা জামানকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। ডাক্তাররা জানিয়েছেন, প্রিয়াঙ্কা জামানের রক্তে মারাত্মক সংক্রমণ ছড়িয়ে পড়েছে। লিভার ও হার্টেও সমস্যা দেখা দিয়েছে। শরীরের বিভিন্ন অঙ্গ অকেজো হয়ে পড়েছে। হাসপাতালের চিকিৎসকদের মতে, এটা খুবই জটিল অবস্থা। এখান থেকে বেরিয়ে আসা মুশকিল।

স্কয়ার হাসপাতালের চিকিৎসক ডাঃ রায়হানের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে প্রিয়াঙ্কা জামানের। দিনের পর দিন শারীরিক অবস্থা অবনতির দিকে যাচ্ছে।

প্রিয়াঙ্কা জামানের চিকিৎসায় সাহায্য চেয়ে তার বড় বোন লিজা জামান ফেসবুকে সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন। লিজা বলেন, ‘২৬ সেপ্টেম্বর প্রিয়াঙ্কা অসুস্থ হয়ে ইসলামিয়া ব্যাংক হসপিটালে আইসিইউতে ভর্তি হয়। ওই হাসপাতালে প্রিয়াঙ্কার অবস্থার উন্নতি না হওয়াতে স্কয়ার হাসপাতালে নিয়ে আসি। আজ ৬ দিন আইসিইউতে লাইফ সাপোর্টে আছে প্রিয়াঙ্কা l ওর শরীরের কোন উন্নতি হয় নাই বরং অবস্থা আরও খারাপ হচ্ছে l ডাক্তার বলেছেন, ওকে আরও অনেক দিন লাইফ সাপোর্টে আইসিইউতে রাখতে হবে। প্লিজ প্রিয়াঙ্কাকে বাঁচাতে একটু এগিয়ে আসুন সবাইl আমার বোনটাকে বাঁচান। আপনারা সবাই পাশে থাকলে আল্লাহর রহমতে ও বেঁচে যেতে পারে। প্রিয়াঙ্কা জামানকে সাহায্য করতে চাইলে যোগাযোগ করতে হবে এই নম্বরে-01917894705 এবং 01741235332।

উল্লেখ্য, ২০১৩ সালে বিটিভির চলচ্চিত্রের গান নিয়ে জনপ্রিয় অনুষ্ঠান ‘ছায়াছন্দ’ উপস্থাপনার মাধ্যমে মিডিয়ায় পথচলা শুরু করেন প্রিয়াঙ্কা জামান। এরপর আড়ং ও আরএফএলসহ বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন ও বিল বোর্ডের মডেল হন তিনি। কিছু নাটকেও অভিনয় করেছেন তিনি। সম্প্রতি কণ্ঠশিল্পী আসিফের গানের মিউজিক ভিডিওতে অংশগ্রহণ করেছেন তিনি। এ যাবৎ প্রায় ২০টি মতো মিউজিক ভিডিওতে কাজ করেছেন প্রিয়াঙ্কা জামান।