টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানা প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন, মিথ্যে মামলার যে কী যন্ত্রণা তা আমার জানা হয়ে গেছে। তাই আমার নির্বাচনী এলাকার কোন মানুষকে মিথ্যে মামলা দিয়ে হয়রানি করবেন না।
মঙ্গলবার বিকেলে সংগ্রামপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এক স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা প্রদানকালে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা শহীদ নুরুল ইসলাম খানের (খরকু মুক্তার) ৪২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের ইউনিয়ন আওয়ামী লীগ এ অনুষ্ঠানের আয়োজন করে।
সাবেক এমপি বলেন, ঘাটাইলে কোন গরিব দুঃখী মেহনতি মানুষের ওপর জুলুম হলে আমি আমানুর রহমান খান রানা তাদের পাশে দাঁড়াব।
সংগ্রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক নুরুল ইসলাম খানের সভাপতিত্বে স্মরণ সভায় বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান সামু। স্মরণ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আরিফ হোসেন, আওয়ামী লীগ নেতা আ. মান্নান, রকিবুল হাসান খান, মিন্টু সিদ্দিকীসহ উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য আমানুর রহমান খান রানা জামিনে মুক্তি পাওয়ার পর তার নির্বাচনী এলাকায় প্রথমবারের মতো এই সভায় বক্তৃতা করেন।