ঢাকা-ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ভৈরবে সিএনজিচালিত অটোরিকশা থেকে চাঁদা আদায় ও চাঁদাবাজদের অত্যাচারের প্রতিবাদে অটোরিকশা চলাচল বন্ধ রেখে বিক্ষোভ করেছেন কয়েকশ চালক। গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে তারা মহাসড়কের কালিকাপ্রসাদ বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে এসব কর্মসূচি করেন। এতে করে ঢাকা-ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে দুপুর ১টার দিকে ভৈরব হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। এতে যানবাহন চলাচল স্বাভাবিক হলেও অটোরিকশা চলাচল বন্ধ থাকে। চালকরা দুই চাঁদাবাজের শাস্তি না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত রাখার দাবিতে অটল থাকেন।
অটোরিকশাচালক সুজন মিয়া, আবদুর রউফ ও ইয়াকুব আলী জানান, উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে ছয় ইউনিয়নের লোকজন অটোরিকশায় চড়ে প্রতিদিন যাতায়াত করে থাকেন। সম্প্রতি একটি প্রভাবশালী চক্র বাসস্ট্যান্ডে আসা অটোরিকশা থেকে দৈনিক টোকেনের মাধ্যমে ১০ থেকে ১০০ টাকা পর্যন্ত চাঁদা আদায় শুরু করে। চাঁদা দিতে দেরি হলেই চালকদের শারীরিক নির্যাতনসহ নানাভাবে হয়রানি করা হয়।