শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ওপেনার আহমেদ শেহজাদ ও উইকেটরক্ষক ব্যাটসম্যান উমর আকমলকে দলে ফিরিয়েছে দেশটি।
তিন বছর পর টি-টোয়েন্টিতে সুযোগ পেলেন উমর। সর্বশেষ ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দেশের হয়ে সবচেয়ে ছোট সংস্করণেরে ক্রিকেটে খেলেছিলেন তিনি। মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ছিলেন।
অন্যদিকে শেহজাদ সর্বশেষ টি-টোয়েন্টি খেলেন ২০১৮ সালে স্কটল্যান্ডের বিপক্ষে। এর পর কোনো ফরম্যাটেই আর সুযোগ পাননি তিনি। ১৬ সদস্যের দলে রাখা হয়েছে ফাহিম আশরাফকেও। চলমান ওয়ানডে সিরিজে উপেক্ষিত ছিলেন তিনি। এদিকে করাচিতে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে চোট পাওয়া ইমাম-উল-হক ছিটকে গেছেন টি-টোয়েন্টি সিরিজ থেকে।
বুধবার করাচিতে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে খেলছে দুই দল। সিরিজের তিনটি টি-টোয়েন্টি ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। ৫, ৭ ও ৯ অক্টোবর অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।
১৬ সদস্যের পাকিস্তান স্কোয়াড:
সরফরাজ আহমেদ (অধিনায়ক), বাবর আজম, আহমেদ শেহজাদ, আসিফ আলি, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস সোহেল, ইফতেখার আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, উমর আকলম, উসমান শিনওয়ারি, ওয়াহাব রিয়াজ।