চৌদ্দগ্রামে প্রবাসীর স্ত্রী ধর্ষণের শিকার

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের অশ্বদিয়া গ্রামে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

ধর্ষিতা প্রবাসীর স্ত্রী বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।  

বুধবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজে ভুক্তভোগী নারীর সঙ্গে কথা বলে জানা যায়, মঙ্গলবার দুপুরে কাশিনগর বাজার অগ্রণী ব্যাংক শাখা থেকে প্রবাসী স্বামীর পাঠানো এক লাখ টাকা তোলেন। ওই নারী বলেন, রাতে প্রতিদিনের মতো আমি ও আমার ১০ বছর বয়সী মেয়েকে নিয়ে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়ি। মাঝরাতে ঘরের সিলিং এর ওপর থেকে শব্দ শুনে আমার ঘুম ভেঙে যায়। কিছুক্ষণ পরে লাইট হাতে নিয়ে ঘরের ভেতরের দরজা খুলতেই দেখি কুদ্দুছ (৩৮) ও শাহজাহান (৪০) । দুইজন আমাকে জাপটে ধরে এবং জোরপূর্বক মুখে, আমার হাতে ও পায়ে গামছা এবং ওড়না দিয়ে বেঁধে শারীরিকভাবে নির্যাতন করেছে।

গৃহবধূ আরও জানান, নির্যাতনের কারণে এক পর্যায়ে আমি জ্ঞান হারিয়ে ফেলি। কিছুক্ষণ পরে জ্ঞান ফিরলে উঠে দেখি আমার ঘরের আলমারি ভাঙা। তারা ব্যাংক থেকে তোলা নগদ ১ লাখ এবং ঘরে থাকা আরও ১ লাখসহ মোট ২ লাখ টাকা এবং ৫ ভরি স্বর্ণ নিয়ে গেছে।

ধর্ষণের শিকার নারী অভিযোগ করে আরও বলেন, আমার দুই মেয়ে ও এক ছেলে। বড় মেয়েকে বিয়ে দিয়েছি এবং ছেলে ও তার বাবা বর্তমানে সৌদি আরবে চাকরি করছে। এমতাবস্থায় আমাকে বাড়িতে একা পেয়ে কুদ্দুছ ও শাহজাহান টাকার লোভে পূর্বপরিকল্পিতভাবে দিনের কোন এক সময় ঘরের সিলিংএ অবস্থান করে।

এ বিষয়ে স্থানীয় কাশিনগর ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে আসামিদের দ্রুত গ্রেপ্তার করার কথাও জানান তিনি।