কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। সোমবার (২৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে চৌদ্দগ্রাম থানাধীন কালিকসার রাস্তার মাথায় মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, নাম্বারবিহীন একটি সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয় একটি পিকআপ। এতে সিএনজিতে থাকা চালকসহ পাঁচজন সামনে দাঁড়িয়ে থাকা লরীর পেছনে ফিস্ট হয়ে আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সিএনজিচালক মো. আব্দুল মতিন (৩৫) ও যাত্রী মোহাম্মদ আরিফকে (৩০) মৃত ঘোষণা করেন। নিহত আব্দুল মতিন চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর গ্রামের মো. শফিক মিয়ার ছেলে। অপর নিহত আরিফ একই উপজেলার হিঙ্গলা গ্রামের আহসানুল্লাহর ছেলে।
দুর্ঘটনায় আহত মোহাম্মদ ইয়াকুব (৩৯), পিতা আব্দুল মতিন, সাং নোয়াপুর, চৌদ্দগ্রামকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া সিএনজির অপর দুই যাত্রী মো. রাসেল (৪০) ও সুফিয়া বেগম (৫০) চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে কালিকসার রাস্তার মাথায় ঢাকামুখী লেনে পিকআপের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ পাঁচজন আহত হন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং অপর দুজন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।