লালমনিরহাটের আদিতমারীতে পাওনা টাকার বিরোধের জের ধরে গত মঙ্গলবার রাতে মন্দিরে হামলা করেছে একদল দুর্বৃত্ত। এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। তারা হলেন, উপজেলার ভাদাই আদর্শপাড়া গ্রামের শমসের আলীর ছেলে নুর আলম পচা (২৪) ও পশ্চিমপাড়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে আবদুল হাকিম (৩০)।
পুলিশ ও স্থানীয়রা জানান, লোকজন নিয়ে নুর আলম পচা গত মঙ্গলবার রাতে কিসামত বড়াইবাড়ি আসেন। মন্দির কমিটির সভাপতি রামমোহন রায়ের কাছে পাওনা ৭ হাজার টাকা নিয়ে তাদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তারা মন্দিরে ঢুকে প্রতিমা গণেশের মাথা ও বাঘের পা ভেঙে ফেলেন। পরে স্থানীয়রা পচাকে ধরে মারধর শেষে পুলিশে সোপর্দ করেন। এরপর রাতে মামলা হলে গতকাল বুধবার আবদুল হাকিমকে গ্রেপ্তার করে পুলিশ।
এ বিষয়ে মন্দির কমিটির সভাপতি রামমোহন রায়ের সঙ্গে যোগাযোগ করেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। আদিতমারী থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে টাকা লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। মামলায় নুর আলম পচা ও আবদুল হাকিমকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।