ভোলার চরফ্যাশন উপজেলায় টেলিমেডিসিন ও ই-এডুকেশন সেবার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার মুজিবনগর ইউনিয়নে চরলিউলিন বাংলাবাজার নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সেবা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি স্বাস্থ্য ও শিক্ষা সেবা নিয়ে চরবাসীর সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১৫ মিনিট কথা বলেন। পরে জেলা প্রসাশক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক ভোলাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রীকে ভোলায় আসার আমন্ত্রণ জানান।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর নামে প্রতিষ্ঠিত মুজিবনগর ইউনিয়নে প্রায় ১৫ হাজার মানুষ টেলিমেডিসিন ও ই-এডুকেশন সেবার সব সুযোগ-সুবিধা ভোগ করবে। এসব সেবা চালুর মাধ্যমে সারা দেশের ৪০টি বিচ্ছিন্ন চরাঞ্চল দ্বীপে এ সেবা চালু হবে। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার আবদুস সালাম, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, চরফ্যাশন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন, কুকরি-মুকরি ইউপির চেয়ারম্যান আবুল হাসেম মহাজন প্রমুখ।