রেমিট্যান্সে প্রণোদনা দেওয়া শুরু

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে নগদ ২ শতাংশ হারে প্রণোদনা বা ভর্তুকি দেওয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, যে পদ্ধতিতে এ প্রণোদনা দেওয়া হবে, তা ডেভেলপ করতে একটু সময় লাগলেও গত ১ জুলাই থেকে যারা রেমিট্যান্স পাঠিয়েছেন তারাও এই ভর্তুকি পাবেন। অর্থাৎ কেউ ১০০ টাকা পাঠালে তাকে ১০২ টাকা দেওয়া হবে।

গতকাল বুধবার সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, রেমিট্যান্সকে বৈধ চ্যানেলে আনতে উৎসাহিত করার জন্য ২ শতাংশ নগদ সহায়তা দেওয়ার জন্য ২০১৯-২০ অর্থবছরের বাজেটে ঘোষণা দিয়েছিলাম। সিস্টেম ডেভেলপ করার জন্য এটা বাস্তবায়নে আমাদের সময় লেগে গিয়েছে। তবে এই মুহূর্তে কেউ ব্যাংকে গেলে রেমিট্যান্স পাঠাতে পারবে এবং ২ শতাংশ হারে নগদ সহায়তাও পাবে।

তিনি আরও বলেন, গত তিন মাসে অর্থাৎ ১ জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত যত রেমিট্যান্স বাংলাদেশে পাঠিয়েছে তারাও ২ শতাংশ হারে নগদ সহায়তা পেয়ে যাবেন। এ সিস্টেমটি পুরোপুরি চালু হতে হয়তো এখনো দু-এক দিন সময় লাগতে পারে। তারপরও সারা বিশ্বে আমাদের রেমিট্যান্স আহরণে যেসব এজেন্সি কাজ করে এটি কার্যকর করার জন্য তাদের আমরা বিষয়টি অবহিত করেছি। তারা যেন এটি বাস্তবায়নে কোনো কালক্ষেপণ না করে।

অর্থমন্ত্রী বলেন, ‘১ হাজার ৫০০ মার্কিন ডলার প্রতি ট্রান্সজেকশনে কোনো প্রশ্ন করা হবে না, কোনো কাগজ চাওয়া হবে না। ১ হাজার ৫০০ মার্কিন ডলার বেশি হলে কাগজপত্র দেখাতে হবে। তবে একজন যদি দিনে তিনবার রেমিট্যান্স পাঠায় এবং সেটা যদি ১ হাজার ৫০০ মার্কিন ডলারের মধ্যে থাকে তাহলেও কোনো প্রশ্ন করা হবে না, কোনো কাগজও দেওয়া লাগবে না।’ তিনি বলেন, এ ঘোষণা দেওয়ায় অনেক কাজে এসেছে। এর ফলে গত তিন মাসে প্রায় ১৫ থেকে ১৬ শতাংশ রেমিট্যান্স প্রবৃদ্ধি হয়েছে। আগে প্রতি বছর ১৫ থেকে ১৬ বিলিয়ন রেমিট্যান্স আসত। এবার সেটি ১৮ থেকে ২০ বিলিয়ন ডলারে উন্নীত হবে বলে আশা করছি।