ভাড়া বাড়ানোসহ ৯ দফা দাবিতে রাজধানীতে আগামী ১৫ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ধর্মঘট ডেকেছে ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদ। গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে পাঁচটি সংগঠন নিয়ে গঠিত পরিষদের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আহ্বায়ক বরকত উল্লাহ ভুলু এ ঘোষণা দেন।
সংগঠনটির ৯ দফা দাবির মধ্যে রয়েছে মহানগরীসহ ঢাকা জেলা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জে অবৈধ অটোরিকশা চলাচল বন্ধ, প্রাইভেট অটোরিকশার বাণিজ্যিক ব্যবহার বন্ধ, সুনির্দিষ্ট পার্কিং ব্যবস্থা না করে ‘নো পার্কিং’ মামলা ও ডাম্পিং না করা, রাইড শেয়ারিং সার্ভিসের অনুমোদনবিহীন সব মোটরসাইকেল ও প্রাইভেটকারের বাণিজ্যিক ব্যবহার বন্ধ, ভাড়া বৃদ্ধি, সরকারের নির্ধারিত দৈনিক জমার নিয়ম বাস্তবায়ন, সরকার নির্ধারিত ফির বিনিময়ে ড্রাইভিং লাইসেন্স দেওয়া বা নবায়ন করা, গাড়ি চোর, মলম পার্টি, অজ্ঞান পার্টি, ছিনতাইকারী, চালক হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, অটোরিকশাকে শিল্প হিসেবে ঘোষণা করা ও বিআরটিএ কর্র্তৃক গড়িমসি ও গ্রাহক হয়রানি বন্ধ করা।