চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। আগামী ২৫ অক্টোবর দ্বিবার্ষিক (২০১৯-২০২১) এই নির্বাচন হওয়ার কথা রয়ছে। এর আগে গত ২৬ সেপ্টেম্বর তফসিল ঘোষণার পর গত মঙ্গলবার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুটি প্যানেলের প্রার্থীরা। ওইদিন দুপুরে প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চনের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল। আর বিকালে সংগ্রহ করেন মৌসুমী-ডিএ তায়েব প্যানেল।
এ বছর নির্বাচনের সবচেয়ে বড় চমক চিত্রনায়িকা মৌসুমী। সভাপতি পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তনি। শিল্পী সমিতির ইতিহাসে সভাপতি পদে তিনিই প্রথম নারীপ্রার্থী। মৌসুমী লড়বেন বিগত কমিটির সভাপতি মিশা সওদাগরের বিপক্ষে। অন্যদিকে ওই কমিটির সাধারণ সম্পাদক জায়েদ খানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন ডিএ তায়েব। আজ বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টার মধ্যে নির্বাচন কমিশনারের কাছে মনোনয়নপত্র জমা দিতে হবে। পরদিন শুক্রবার বিকেল ৫টায় প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর। ওইদিনই জানা যাবে চূড়ান্ত প্রার্থী তালিকা। নির্বাচনে মোট ভোটার ৪৪৯ জন।
উল্লেখ্য, গত ২৪ মে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দুই বছরের মেয়াদ শেষ হয়। গঠনতন্ত্র অনুযায়ী মেয়াদোত্তীর্ণ হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন হওয়ার কথা। সে হিসাবে ২৪ আগস্টের মধ্যে নির্বাচন হওয়ার কথা থাকলেও তা হয়নি। গঠনতন্ত্রের বাইরে গিয়ে প্রায় দুই মাস পর এই নির্বাচন হতে যাচ্ছে।