স্বাগতিক নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজটি নিজেদের করে নেওয়ার পথে অনেকটা এগিয়ে গেল আকবর আলিরা।
লিঙ্কন ওভালে বৃহস্পতিবার বাংলাদেশ সকালে শেষ হওয়া ম্যাচটিতে ৬ উইকেটের জয় পায় যুবারা। ২১ বল বাকি থাকতেই ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য ২৪৩ রানের লক্ষ্যে পৌঁছে যায় তারা। ম্যাচটি হওয়ার কথা ছিল বুধবার। কিন্তু বৃষ্টির কারণে ওই দিন খেলা হয়নি। রিজার্ভ ডেতে গড়ায় ম্যাচ।
এক রানের জন্য আফসোস মাহমুদুল হাসান জয়। উইকেট ছাড়ার আগে ১২৫ বলে খেলে ১০ চারে ৯৯ রানের ইনিংস খেলেন তিন নম্বরে নামা এই ব্যাটার। ৬৩ বলে ৬৫ রান করেন ওপেনিং ব্যাটসম্যান তানজিদ হাসান। ৪০ রান করেন তৌহিদ হৃদয়।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ২৪২ রান করে নিউজিল্যান্ড দল। দলের হয়ে সর্বোচ্চ ১১২ রান করেন টমাস জোহরাব। অন্যদের মধ্যে বেন পমারি ৪০ ও ওলি হোয়াইট ৩০ রান করেন।
বাংলাদেশ দলের বোলারদের মধ্যে তিনটি করে উইকেট নেন শরিফুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী; দুটি উইকেট নেন শামিম হোসেন।
প্রথম ম্যাচেও ৬ উইকেটের জয় পেয়েছিল বাংলাদেশ। টানা দুই জয়ে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল জুনিয়র টাইগাররা। একই ভেন্যুতে আগামী রোববার সিরিজের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে দল দুটি।