আসন্ন সাউথ এশিয়ান (এসএ) গেমসে ভালো ফল পেতে কাবাডি খেলোয়াড়দের বিদেশে প্রশিক্ষণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। তারই অংশ হিসেবে নারী ও পুরুষ কাবাডি দলকে উন্নত প্রশিক্ষণ ও প্রস্তুতিমূলক ম্যাচ খেলার জন্য ভারতের হরিয়ানায় পাঠানো হচ্ছে। আগামী ১-১০ ডিসেম্বর নেপালে বসবে ১৩তম এসএ গেমসের আসর।
এই প্রস্তুতি ক্যাম্পে ইরানে অনুষ্ঠিতব্য জুনিয়র বিশ্ব কাবাডি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী জুনিয়র বালক কাবাডি দলও অংশ নেবে। বুধবার রাতে পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর সভাপতিত্বে ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় কাবাডি ফেডারেশনের সদস্যরা উপস্থিত ছিলেন।
ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী এসএ গেমস উপলক্ষে খেলোয়াড়দের প্রশিক্ষণে সন্তোষ প্রকাশ করে বলেন, এসএ গেমসে স্বর্ণ জয়ের লক্ষ্য নিয়ে বাংলাদেশের পুরুষ ও নারী কাবাডি দলকে খেলতে হবে। তিনি শারীরিক ও মানসিকভাবে নিজেদের দক্ষ ও যোগ্য করে গড়ে তোলার জন্য খেলোয়াড়দের প্রতি আহ্বান জানান।
সভায় জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ‘মুজিব বর্ষ’ উদ্যাপন উপলক্ষে ঢাকা রেঞ্জের ডিআইজি ও ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমানকে আহ্বায়ক করে একটি টুর্নামেন্ট কমিটি গঠন করা হয়। মুজিব বর্ষ উদ্যাপন উপলক্ষে ঢাকায় এশিয়ান কাবাডি চ্যাম্পিয়নশিপ আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। তা ছাড়া দেশের প্রতিটি উপজেলায় কাবাডি প্রতিযোগিতার আয়োজন করা হবে।
আগামী বছরের ১ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য ৬ জাতি আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে বাংলাদেশ কাবাডি দল অংশগ্রহণ করবে।