দিনাজপুরের পার্বতীপুরে হতদরিদ্র পরিবারের মধ্যে ১০ টাকা কেজির সরকারি চাল বিতরণ না করে এবং ভালোমানের চালের পরিবর্তে খাবার অনুপযোগী চাল মজুদের দায়ে উপজেলা প্রশাসন ৩৪ বস্তা চাল জব্দ করে একটি গুদাম সিলগালা করে দিয়েছে।
গত বুধবার রাতে উপজেলার রামপুর ইউনিয়নের সুন্দরীপাড়া রেলগেট এলাকায় অভিযান চালিয়ে ডিলার একরামুল হকের গুদাম সিলগালা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনাজ মিথুন মুন্নী।
রামপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একরামুল হক জানান, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে প্রায় ২ হাজার ভিজিএফ কার্ডধারী রয়েছে। এসব হতদরিদ্রকে প্রতি মাসে ৩০ কেজি করে চাল ১০ টাকা কেজি দরে দেওয়ার কথা। এজন্য ডাঙ্গাপাড়া গ্রামের আবু কালামকে ডিলার নিয়োগ করা হয়। আবু কালামের বাবার নাম মৃত হোসেন আলী।
ইউএনও শাহনাজ মিথুন মুন্নী বলেন, হতদরিদ্রদের জন্য সরকারি বরাদ্দকৃত ১০ টাকা কেজির চাল বিতরণে অনিয়ম ও ভালোমানের চালের পরিবর্তে নিম্নমানের চাল মজুদের অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় ৩৪ বস্তা চালসহ গুদামটি সিলগালা করা হয়েছে। অভিযুক্ত ডিলারের ডিলারশিপ বাতিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।