বরিশালে রিকশা শ্রমিকদের অনশন, ২০ জন অসুস্থ

বরিশালে ব্যাটারিচালিত রিকশা শ্রমিকদের আমরণ অনশনে ২০ জন অসুস্থ্ হয়ে পড়েছে। অনশনের দ্বিতীয় দিন গতকাল বৃহস্পতিবার দুপুরে অসুস্থ হন তারা। এদের মধ্যে কয়েকজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের অনশনস্থলে স্যালাইন দিয়ে রাখা হয়েছে।

শ্রমিকরা জানান, ১৯ আগস্ট থেকে নগরীতে ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদ অভিযান জোরদার করা হয়। এ পর্যন্ত পাঁচ শতাধিক রিকশা জব্দ করা হয়েছে। খুলে রাখা হয়েছে মোটর ও ব্যাটারি। তারা বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে রিকশাগুলো কিনেছেন। রিকশা জব্দ করায় ঋণ শোধ করতে পারছেন না তারা। বন্ধ হয়ে গেছে তাদের জীবিকার পথ। এ অবস্থায় পরিবার-পরিজন নিয়ে পড়েছেন বিপাকে।

সংগঠনের প্রধান উপদেষ্টা ডা. মনীষা চক্রবর্তী জানান, ব্যাটারিচালিত রিকশা চলাচলের দাবিতে এক মাসেরও বেশি সময় ধরে আন্দোলন করে আসছেন শ্রমিকরা। মানববন্ধন, বিক্ষোভ, সংহতি সমাবেশ ও গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচির পর ব্যর্থ হয়ে অবশেষে জীবনের ঝুঁকি নিয়ে আমরণ অনশন শুরু করেছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে।