‘দ্য হান্ড্রেড’ দল নিশ্চিত হলো ইংলিশ ক্রিকেটারদের

ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য ‘দ্য হান্ড্রেড’ বা ১০০ বলের ক্রিকেটের আটটি দল নিশ্চিত হয়েছে আগেই। বার্মিংহাম, লিডস, সাউদাম্পটন, নটিংহ্যাম, ম্যানচেস্টার ও কার্ডিফের একটি করে দল এবং লন্ডনের দুটি দল খেলবে। প্রতিটি দলে থাকবেন মোট ১৫ খেলোয়াড়। এই খেলোয়াড় নিলামের প্রথম ধাপ হয়েছে গতকাল। শুধু ইংল্যান্ড ক্রিকেটারদের জন্য নির্ধারিত এই ধাপে বেশিরভাগ ইংলিশ ক্রিকেটারই দল পেয়েছেন।

ড্রাফটের প্রথম ধাপে নিয়ম ছিল ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তিতে থাকা একজন ক্রিকেটারকে নিতে পারবে দলগুলো। সঙ্গে দুজন করে লোকাল কাউন্টি আইকন। তাতে সবচেয়ে বেশি টানাটানি পড়ল বেন স্টোকসকে নিয়ে। অবশেষে লিডসের (হেডিংলি) ফ্র্যাঞ্চাইজি নর্দান সুপারচার্জারস স্টোকসকে পেয়েছে। নটিংহ্যামভিত্তিক দল ট্রেন্ট রকেটস নিয়েছে জো রুটকে। জনি বেয়ারস্টো খেলবেন কার্ডিফের দল ওয়েলস ফায়ারের হয়ে। সাউদার্ন ব্রেভে খেলবেন জোফরা আর্চার। জস বাটলারকে নিয়েছে ম্যানচেস্টার অরিজিনালস। ক্রিস ওকস গেছেন বার্মিংহাম ফোনিকসে। জেসন রয়কে নিয়েছে ওভাল ইনভিনসিবলস। বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ুন মরগানকে নিয়েছে লর্ডস ফ্র্যাঞ্চাইজি লন্ডন স্পিরিট।

প্রথম আসর হবে ২০২০ সালের ১৬ জুলাই থেকে ১৭ আগস্ট। ইংল্যান্ডের সাতটি শহরে হবে এই টুর্নামেন্টের অভিষেক আসর। নিলামের তালিকায় সাকিব আল হাসান ছাড়াও বিশ্ব ক্রিকেটের সেরা টি-টোয়েন্টি তারকারা আছেন। তাদের নিলাম হবে ২০ অক্টোবরের পরবর্তী ধাপে।