বলিউড-টলিউড তারকাদের অনেকেই ভিড়েছেন ভারতের ক্ষমতাসীন বিজেপির সঙ্গে। তাদের দলে মিঠুন চক্রবর্তীও যুক্ত হচ্ছেন? মহারাষ্ট্রের নাগপুরে অবস্থিত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ-আরএসএসের সদর দপ্তরে তাকে দেখা যাওয়ার পরেই এমন গুঞ্জন উঠেছে।
সংবাদ প্রতিদিন জানায়, বৃহস্পতিবার দুপুরে আরএসএসের সদর দপ্তরে আচমকা হাজির হন পশ্চিমবঙ্গের প্রখ্যাত এই তারকা অভিনেতাকে। সংঘের প্রতিষ্ঠাতা কেশব বলিরাম হেডগেওয়ারের মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।
আরএসএসের সদর দপ্তরে সেসময় উপস্থিত থাকা কয়েকজন সংগঠকদের সঙ্গে কিছুক্ষণ কথাও বলেন মিঠুন। তাকে স্বাগত জানানোর পাশাপাশি তার হাতে সংঘের তরফে একটি ফটোফ্রেমও তুলে দেন আরএসএসের নেতারা।
তৃণমূলের প্রাক্তন রাজ্যসভা সাংসদ আচমকা কেন আরএসএসের দপ্তরে গেলেন তা নিয়ে দেখা গেছে নানা জল্পনা কল্পনা। মিঠুন বা সংঘের তরফ থেকে এই বিষয়ে কিছু না জানানোর ফলে তা আরও বাড়ে।
অনেকদিন ধরে প্রকাশ্যে দেখা যাচ্ছিল না মিঠুনকে। তিনি শারীরিকভাবে অসুস্থ বলে শোনা যাচ্ছিল। সেদিন মুখে মাস্কও থাকতে দেখা যায় তার।
সারদাকাণ্ডে মিঠুন চক্রবর্তীই ছিলেন একমাত্র অভিযুক্ত, যিনি ইডির দপ্তরে গিয়ে সারদার টাকা ফেরত দিয়েছিলেন।
তারপর থেকেই কার্যত গুটিয়ে নিয়েছিলেন নিজেকে৷ রাজনীতি থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়ে রাজ্যসভার সাংসদ পদ থেকেও ইস্তফা দেন। অসুস্থতার কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানিয়েছিলেন। তবে ঠিক কী কারণে তিনি আরএসএস দপ্তরে গেলেন এখন পর্যন্ত তা জানা যায়নি।