এই দুর্বৃত্ত চক্র ভেঙে দিতে হবে: কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশে চলমান দুর্নীতিবিরোধী অভিযান কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলের বিরুদ্ধে নয়। এটি অপরাধী এবং দুর্নীতির বিরুদ্ধে একটি অভিযান। দুর্বৃত্তায়নের একটি চক্র বাংলাদেশে রয়েছে, এই চক্রটি ভেঙে দিতে হবে। সে জন্য মাননীয় প্রধানমন্ত্রী উদ্যোগ গ্রহণ নিয়েছেন এবং এই অভিযান শুরু করেছে আপন ঘর থেকে।

মন্ত্রী শুক্রবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চার লেন প্রকল্পের উন্নয়ন কাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘যেখানেই অপরাধীরা থাক সেটা ঢাকা হোক অথবা দেশের যেকোনো জায়গায় হোক, বাংলাদেশের যেখানেই অপকর্মকারী, সেখানেই অপরাধী, যেখানেই দুর্বৃত্তায়ন, চাঁদাবাজি, লুটপাট, টেন্ডারবাজি সেখানেই এই অভিযান চলবে।’

এ ব্যাপারে আইন শৃঙ্খলাবাহিনী ও র‌্যাবকে প্রধানমন্ত্রী পরিষ্কার নির্দেশ দিয়েছেন উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘দিল্লি যাওয়ার আগেও বলে গিয়েছেন, এই শুদ্ধি অভিযান কোনো অবস্থায় শিথিল হবে না। এই অভিযান চলতেই থাকবে। দুর্বৃত্তায়নের চক্র ভেঙে দিতে প্রধানমন্ত্রী বদ্ধপরিকর।’

খালেদা জিয়ার অসুস্থতা ও মুক্তির বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বেগম জিয়া বয়স্ক হয়ে গেছেন, এই বয়সে শরীর একেবারে সুস্থ-সবল তিনি থাকবেন এমন কথা নয়। তার জন্য চিকিৎসকদের দায়িত্বে চিকিৎসকদের একটি টিম আছে এবং একটি বোর্ড আছে। তারা মাঝে মাঝেই পরীক্ষা করে দেখে।’

‘অসুস্থতার বিষয়ে বিএনপি যা বলে তার সঙ্গে চিকিৎসকদের যে রিপোর্ট তার কোনো মিল নেই। আমার মনে হয় এখানে যেমন মানবিক বিষয়টি দেখতে হবে, একইভাবে এখানে একটি আইনগত বিষয় রয়েছে। আইনগত বিষয়টি সরকারের হাতে নেই। এটা আমি বার বার বলেছি বারবার বলার চেষ্টা করেছি।’

ওবায়দুল কাদের বলেন, ‘তিনি (খালেদা জিয়া) যদি আদালতে জামিন পান এবং চিকিৎসকদের পরামর্শে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার মত অবস্থা তার হয় এবং সেই পর্যায়ে তার অবস্থার অবনতি ঘটে সেটা পরবর্তীতে বিবেচনা করা যাবে।’

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে সড়ক ও জনপথের ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক সবুজ উদ্দিন খান, গাজীপুরের নির্বাহী প্রকৌশলী মো. সাইফুদ্দিন, জেলা পুলিশ সুপার শামসুন্নাহার, কালিয়াকৈর থানার ওসি আলমগীর হোসেন মজুমদারসহ অনেকে উপস্থিত ছিলেন।