মিরাজের বোলিংয়ে ম্যাচে ফিরল ‘এ’ দল

শ্রীলঙ্কার শুরুর দাপট সামাল দিয়ে প্রথমদিন শেষ হতে হতে বাংলাদেশ ‘এ’ দলকে ম্যাচে ফিরিয়েছেন বোলাররা। যার অনেকখানি কৃতিত্ব মেহেদী হাসান মিরাজের।

হাম্বানটোটায় দ্বিতীয় আনঅফিশিয়াল চারদিনের ম্যাচের প্রথম দিন শেষে শ্রীলঙ্কা ‘এ’ দল ৫ উইকেটে ২২৩ রান তুলেছে। বৃষ্টির কারণে এদিন ৭৪ ওভার খেলা হয়। আগের ম্যাচে ৫ উইকেট পাওয়া মেহেদী হাসান মিরাজ নিয়েছেন ৩ উইকেট।

শ্রীলঙ্কার ইনিংসের প্রথম তিনটি উইকেটই তুলে নেন মিরাজ। দলীয় ৩২ রানে প্রথম উইকেট হারায় স্বাগতিকেরা। কোরেকে (১৭) নিজের প্রথম শিকারে পরিণত করেন তিনি। দ্বিতীয় উইকেটে ১২১ রানের জুটি গড়েন ওপেনার পাথুম নিশানকা ও কামিন্দু মেন্ডিস। সেই জুটিও ভাঙেন। এরপর নিশানকাকে (৮৬) নিজের তৃতীয় শিকারে পরিণত করেন ডানহাতি এ অফস্পিনার।

মিরাজকে সঙ্গ দিয়েছেন পেসার ইবাদত হোসেন। দলীয় ২১৭ রানে লঙ্কান অধিনায়ক প্রিয়াঞ্জনকে (২৮) নিজের প্রথম শিকারে পরিণত করেন তিনি। এর পর পেরেরাকেও (৪) দ্রুত ফেরান।

দিন শেষে চারিথ আসালানকা ১৭ ও লাহিরু উদারা ২ রানে অপরাজিত আছেন।

সিরিজের প্রথম ম্যাচটি ড্র হয়েছিল। বৃষ্টির কারণে সেই ম্যাচটি হয়েছিল তিনদিনের।

সংক্ষিপ্ত স্কোর (প্রথম দিন শেষে)

শ্রীলঙ্কা এ দল: ২২৩/৫ (নিশানকা ৮৫, মেন্ডিস ৬২; মিরাজ ৩/৬৬, ইবাদত ২/৫১)।