পাকিস্তান ও সফরকারী শ্রীলঙ্কা মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আগে লাহোরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। খেলোয়াড়দের ও সমর্থকদের বাড়তি নিরাত্তার জন্য গাদ্দাফি স্টেডিয়ামে পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে অনেক সেনা সদস্য। লঙ্কা দলের গাড়ি বহরের নিরাপত্তার দায়িত্বে থাকবে সেনা সদস্যরা।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দল দুটি। শুক্রবার রাত থেকেই ভেন্যুটিতে পাকিস্তান সীমান্তরক্ষীবাহিনী র্যাঞ্জার্সের অনেক সদস্য ও পুলিশের কমান্ডো মোতায়েন করা হয়েছে বলে এক কর্তকর্তা সংবাদমাধ্যম ডনকে জানিয়েছেন।
স্টেডিয়ামটির আশেপাশে ছোট-বড় ২৫টি সড়ক ব্লক করে দেওয়া হয়েছে। এগুলোতে বসানো হয়েছে কন্টেইনার ও প্রতিবন্ধক। রাস্তায় থাকবে ১৩ হাজার পুলিশ সদস্য। স্টেডিয়ামের কাছে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে থাকবে স্নাইপার।
সিরিজ চলাকালীন স্টেডিয়ামের আশেপাশের বাড়িগুলোতে অপরিচিত কাউকে জায়গা না দিতে বাসিন্দাদের বলা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, বাড়তি সতর্কতা জারি করা হয়েছে শহর জুড়েই।
এর আগে করাচিতে অনুষ্ঠিত হয়েছে দল দুটির মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে সরফরাজ আহমেদের দল।