বাস মালিককে মারধরের প্রতিবাদ ও অবৈধ গাড়ি চলাচল বন্ধের দাবিতে ডাকা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন বাস মালিকরা। বৈঠকের আশ্বাসে তারা ধর্মঘট প্রত্যাহার করেন।
শনিবার সকালে খুলনা থেকে গোপালগঞ্জসহ ৪ রুটে বাস চলাচল আবার শুরু হয়েছে। এর আগে গত শুক্রবার ওই চার রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়।
রূপসা-বাগেরহাট বাস মিনিবাস মালিক সমিতি সূত্র জানায়, খুলনার সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে খুলনা-গোপালগঞ্জ, খুলনা-বরিশাল, খুলনা-মাদারীপুর ও টেকেরহাট-মোকসেদপুর রুটের বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়।
রূপসা-বাগেরহাট বাস মিনিবাস মালিক সমিতির সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি আখি মেম্বার বলেন, মারধরের ঘটনায় আগামী ৯ অক্টোবর শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে সভা হবে। সেখানে গোপালগঞ্জ ও খুলনা বাস-মিনিবাস মালিক সমিতির নেতারা উপস্থিত থাকবেন। সেই সভায় এ বিষয়ে আলোচনা হবে। এমন আশ্বাসে বাস মালিকরা আন্দোলন প্রত্যাহার করে নিয়েছেন।
রূপসা-বাগেরহাট বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি মো. নুরুল হক লিপন বলেন, রুটে অবৈধভাবে বাস চলাচল ও গোপালগঞ্জে বাস মালিককে মারধর ঘটনায় এ পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে রুটে অবৈধভাবে বাস চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। এ ছাড়া বাস মালিককে মারধরের বিষয়টিতে মীমাংসার চেষ্টা চলছে।