মা-মেয়ে খুনের ২১ দিনেও গ্রেপ্তার হয়নি দেবর-ননদ

সুধারামের কাজির চরে তিন বছরের মেয়েসহ অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার ঘটনার আসামি দুই দেবরসহ ননদকে ২১ দিন পরও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

নিহত গৃহবধূর বাবা ও মামলার বাদী আবুল কালাম শনিবার সাংবাদিকদের জানান, ১৪ সেপ্টেম্বর তার মেয়ে পান্নার স্বামী সুমন স্ত্রীকে কাপড়-চোপড় কিনে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে পান্নার শ্বশুর আইয়ুব আলী, দেবর পারভেজ, রাজু ও ননদ রুমানা পিটিয়ে তার মেয়েকে হত্যা করে। এ সময় পান্নার মেয়ে শারমিন (৩) হত্যাকাণ্ড দেখে কান্নাকাটি করার পর তাকেও গলাটিপে হত্যা করে দুজনের লাশ ঝুলিয়ে রাখে। তার মেয়ে পান্না চার মাসের অন্তঃসত্ত্বা ছিল। এ ঘটনার পরপরই এলাকাবাসী পান্নার শ্বশুর আইয়ুব আলীকে আটক করে পুলিশে সোপর্দ করে।

এ ব্যাপারে আবুল কালাম বাদী হয়ে ১৫ সেপ্টেম্বর সুধারাম থানায় আইয়ুব আলী, পারভেজ, রাজু ও রুমানাকে আসামি করে মামলা করলেও পুলিশ আসামিদের গ্রেপ্তার করছে না। আসামিরা তাকে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে।