বাগদাদের কারফিউ প্রত্যাহার

আগাম নির্বাচনের আহ্বান সদরের

ইরাকের রাজধানী বাগদাদে জারি করা কারফিউ গতকাল শনিবার তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। তবে রাজধানীর বাইরে অন্য অঞ্চল থেকে কারফিউ প্রত্যাহার করা হবে কি না তা স্পষ্ট নয় বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।

চাকরি সংকট, নিম্নমানের সরকারি পরিষেবা ও সীমাহীন দুর্নীতির অভিযোগ তুলে গত ১ সেপ্টেম্বর থেকে দেশটিতে সরকারবিরোধী আন্দোলন দানা বাধে। গত চার দিনের বিক্ষোভে এরই মধ্যে অন্তত ৭০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

এদিকে সরকারবিরোধী আন্দোলনের মুখে পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচনের আহ্বান জানিয়েছেন শিয়া নেতা মুকতাদা আল-সদর। গত নির্বাচনে তার জোটই সংখ্যাগরিষ্ঠ আসন পায়। সে সময় আন্তর্জাতিক বিশেষজ্ঞদের পরিচালনায় একটি স্বচ্ছ নির্বাচন হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। আন্দোলনকারীদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত আইনপ্রণেতাদের পার্লামেন্ট অধিবেশনও বয়কটের আহ্বান জানান ওই শিয়া নেতা।

নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের অনুসারী না হয়েও সরকারি কর্মকাণ্ডে অনিয়মের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের কথা জানিয়ে রাজপথে নামেন বিক্ষোভকারীরা। নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাস ও গুলি চালিয়ে তাদের ওপর চড়াও হলে এই বিক্ষোভ আরও জোরালো হয়ে ওঠে। বিশেষ করে শিয়া অধ্যুষিত দক্ষিণাঞ্চলীয় বেশ কয়েকটি শহরে বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে।