হবিগঞ্জে দেশি অস্ত্রসহ ৫ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার ভোরে তাদের গ্রেপ্তার করা হয়।
তাদের কাছ থেকে ডাকাতির মালামাল ও ডাকাতিতে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলো সুনামগঞ্জের ছাতকের জিতু মিয়া, শায়েস্তাগঞ্জের নূরপুর গ্রামের সৈয়দ আলী, লাখাই উপজেলার স্বজন গ্রামের ফরহাদ মিয়া, মামুন মিয়া ও মফিজুল ইসলাম।
অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, তারা শুক্রবার গভীর রাতে লাখাই উপজেলার মুড়াকরি ফুলবাড়িয়া গ্রামের মিলন মিয়ার বাড়িতে ডাকাতি করে। খবর পেয়ে পুলিশ উপজেলায় প্রবেশের সবগুলো সড়কে চেকপোস্ট বসান। এরপর হাওর এলাকাসহ উপজেলার বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালায় পুলিশ। শনিবার ভোরে নাছিরনগর উপজেলার আতুকুড়া সেতুর কাছে একটি অটোরিকশায় করে পালানোর সময় চেকপোস্টে তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির কথা স্বীকার করেছে।
পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী ফুলবাড়িয়া হাওর থেকে একটি এলইডি টিভি, ডাকাতিতে ব্যবহৃত রামদা, রড, লোহার পাইপ, হাতুড়ি, বঁটি, দা, ছুরি উদ্ধার করা হয়। সন্ধ্যায় তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।