ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকাসক্ত ছেলে ও তার স্ত্রীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেছেন আব্দুস সামাদ খান নামে এক ব্যক্তি।
পৌরসভার দেবগ্রামের বাসিন্দা আব্দুস সামাদ খান গতকাল শনিবার দুপুরে আখাউড়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা সামাদ খান লিখিত বক্তব্যে বলেন, ‘আমার ছেলে নান্টুর (৩৮) অত্যাচারে আমি অতিষ্ঠ, সে বিভিন্ন সময় আমাকে মারধরসহ নির্যাতন করে আসছে। এ ব্যাপারে থানায় মামলা করেছি। সে তার স্ত্রী সাইনা সুহাসহ (২০) বখাটেদের নিয়ে মাদক সেবন করে। আমি লোকজন নিয়ে বাধা দিলে নান্টু ও তার স্ত্রী আমাকে ভুয়া মুক্তিযোদ্ধা ও রাজাকার বলে এবং আমার পরিবারের বিরুদ্ধে থানায় ‘মিথ্যা’ মামলা দায়ের করে।’ তিনি প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক বিচার দাবি করেন।
এ ব্যাপারে জানতে চাইলে নান্টু দেশ রূপান্তরকে বলেন, ‘আমি মাদক ও অনৈতিক কোনো কর্মকাÐের সঙ্গে জড়িত নই। আমার বিরুদ্ধে থানায় কোনো মামলা নেই। আমি বাড়িতে থাকা অবস্থায় আসামিরা আমার ও আমার স্ত্রীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে বাড়ি ভাঙচুর ও লুটপাট করে। আমি ও আমার স্ত্রী বাধা দিলে আমাকে শাবল দিয়ে আঘাত করে এবং আমার স্ত্রীকে মারধর করে। এ ঘটনার সঙ্গে জড়িত ১৭ জনকে আসামি করে আখাউড়া থানায় মামলা দায়ের করি।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আখাউড়া পৌরসভার কাউন্সিলর কাদির মোল্লা ও মো. বাবুল প্রমুখ।