দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে শিল্পকারখানা স্থাপনে সরকার ‘অলআউট’ সহায়তা দেবে জানিয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, এসব অঞ্চলে স্থাপিত কোনো কারখানায় কোনো ধরনের সমস্যা হলে তা দ্রুত সমাধানে সরকার সব ধরনের পদক্ষেপ নেবে। গতকাল মুন্সীগঞ্জের গজারিয়ার বাউশিয়া এলাকার আবদুল মোমেন অর্থনৈতিক অঞ্চলে হোন্ডা প্রাইভেট লিমিটেডের কারখানা ঘুরে দেখে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, মাত্র ৯ থেকে ১০ মাসের মধ্যে হোন্ডা ফ্যাক্টরি উৎপাদন কাযর্ক্রম শুরু করেছে। বাংলাদেশেও যে কম সময়ে ব্যবসা শুরু করা যায়, এটি তার একটা উদাহরণ। আমি মনে করি, অন্য জাপানি কোম্পানিগুলোও হোন্ডাকে দেখে বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত হবে।
তিনি বলেন, আবদুল মোমেন গ্রুপ খুব অল্প সময়ে ডেভেলপ করেছে। মিরসরাই বিশেষ অর্থনৈতিক অঞ্চলেও অসাধারণ কর্মতৎপরতা শুরু হয়েছে। মাতারবাড়িতেও শুরু হয়েছে। মুন্সীগঞ্জে ২৫ একর জমির ওপর প্রায় ২৩০ কোটি টাকা ব্যয়ে কারখানা গড়ে তুলেছে হোন্ডা ও শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং করপোরেশন। প্রাথমিকভাবে এআ ফ্যাক্টরিতে বছরে এক লাখ মোটরসাইকেল উৎপাদন করছে।