পোশাক ও ধূমপানে আপত্তি জানিয়ে সরলেন ঐশী

রায়হান রাফী পরিচালিত ‘স্বপ্নবাজী’ থেকে সরে দাঁড়ালেন জান্নাতুল ফেরদৌস ঐশী। সিনেমাটির গল্প ও চিত্রায়ণ অস্বস্তির কারণ হওয়ায় এই সিদ্ধান্ত। খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পরিচালক ও নায়িকা।

‘মিস ওয়ার্ল্ড ২০১৮’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন ঐশী। চীন থেকে ফেরার কিছুদিনের মধ্যে যুক্ত হন ফয়সাল আহমেদের কপ থ্রিলার ‘মিশন এক্সট্রিম’-এ। এ সিনেমায় তার সঙ্গে আছেন আরিফিন শুভ।

অ্যাকশন ভিত্তিক ছবিটির পাশাপাশি ‘স্বপ্নবাজী’র নায়িকা হিসেবে ঐশীর নাম ঘোষণা করেন রাফী। সঙ্গে আছেন মাহি, জান্নাতুল পিয়া ও সিয়াম আহমেদের মতো প্রথম সারির তারকারা।

এই ছবির জন্য কয়েকটি ফটোশুটেও অংশ নেন ঐশী। শিগগিরই শুটিং শুরুর কথা রয়েছে। জানা গেছে, ফ্যাশন ইন্ডাস্ট্রি নিয়ে আবর্তিত গল্পে পোশাক নিয়ে আপত্তি রয়েছে ঐশীর। এ ছাড়া ধূমপানের দৃশ্য নিয়েও অস্বস্তি রয়েছে। এ কথা তিনি পরিচালককে জানিয়েছেন। কিন্তু গল্প পরিবর্তন সম্ভব না হওয়ায় সমঝোতার মাধ্যমে সরে দাঁড়ান।

এর মধ্যে দ্বিতীয় সিনেমার শুটিং অনেকটা এগিয়ে নিয়েছেন ঐশী। ‘আদম’ নামের সিনেমাটিতে তার বিপরীতে আছেন ইয়াশ রোহান। এখানে আশির দশকের গ্রামের নারীর চরিত্রে নন-গ্ল্যামারাস চরিত্রে অভিনয় করেছেন ঐশী।  পরিচালনা করছেন আবু তাওহীদ হিরণ।