দেশের সমর্থকদের পাশে চাইলেন বার্বাডোজের সাকিব (ভিডিও)

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) টি-টোয়েন্টির প্লে-অফের লড়াইয়ে নামার আগে দেশের সমর্থকদের পাশে চাইলেন বার্বাডোজ ট্রাইডেন্টসের বাংলাদেশি তারকা সাকিব আল হাসান।

রোববার রাত বাংলাদেশ সময় রাত দেড়টায় ফাইনালে ওঠার লড়াইয়ে অ্যামাজন ওয়ারিয়র্সের মুখোমুখি হবে বার্বাডোজ। ম্যাচের আগে এক ভিডিও বার্তায় দলটির তারকা অলরাউন্ডার সাকিব।

সিপিএলের অফিসিয়াল পেজে আপলোড করা ভিডিও বার্তায় নিজ দেশের সমর্থকদের উদ্দেশে সাকিব বলেন, “আশা করি সবাই আমাদেরকে অনেক সাপোর্ট করবেন, আপনারা যারা বাংলাদেশে আমাদের খেলা দেখছেন। অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ আমাদের জন্য। আমি নিশ্চিত আপনারা আমাদের পূর্ণ সমর্থন দেবেন এবং আমরা ভালো একটা রেজাল্ট করতে পারব। ধন্যবাদ সবাইকে।”

গ্রুপ পর্বের খেলা শেষে নির্ধারিত হয়ে গেছে প্লে-অফের ম্যাচের প্রতিপক্ষ। যেখানে শীর্ষ থাকা দুই দল মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারে। এরপর তিন ও চারে থাকা দুই দল খেলবে এলিমিনেটর ম্যাচে। শীর্ষ থাকা দুই দলের মোকাবিলায় যে দল জিতবে সেই দল সরাসরি খেলবে ফাইনালে। আর যে দল হারবে সেই দল তৃতীয় ও চতুর্থ দলের মোকাবিলায় জয়ী দলের সঙ্গে মুখোমুখি হবে দ্বিতীয় কোয়ালিফায়ারে। এখান থেকে যে দল জিতবে সেই দল ফাইনালে খেলবে।

প্রথম কোয়ালিফায়ারে অপরাজিত গায়ানার মুখোমুখি হবে সাকিবের বার্বাডোজ ট্রাইডেন্টস। আর এলিমিনেটর ম্যাচে সেন্ট কিটস নেভিসের প্রতিপক্ষ ত্রিনবাগো নাইট রাইডার্স। এলিমিনেটরের ম্যাচটিও বাংলাদেশ সময় রোববার রাত ৯ টায় শুরু হবে।

বার্বাডোজের হয়ে এবারের মৌসুমে সবশেষ তিন ম্যাচের সবকটিই খেলেছেন সাকিব। ম্যাচ তিনটিতে বাংলাদেশ দলের এই তারকা অলরাউন্ডার করেছেন ৭৩ রান। উইকেট নিয়েছেন চারটি।