ডিসি কমিকসের সুপারভিলেন ‘জোকার’ মুভি থিয়েটারগুলোর টিকিট কাউন্টার জোরে কড়া নাড়ছে। স্থানীয় বাজারে প্রথম তিন দিনে আয় সাড়ে ৯ কোটি ডলার ছড়িয়ে যেতে পারে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে সাড়া মিলেছে।
সুপারভিলেন মানেই কিছু আশঙ্কা। সেই কারণে ইউরোপের অন্যতম একটি সিনেমা চেইন মুখোশ ও খেলনা পিস্তলে নিষেধাজ্ঞা দিয়েছে ‘জোকার’ প্রদর্শনীতে।
হলিউড রিপোর্টার জানায়, স্পেনের দ্য সিনেসা চেইনের ওয়েবসাইটে এই ঘোষণা এসেছে। ফেইসবুকের মাধ্যমে ইতালিতে একই ঘোষণা দিয়েছে সিনেসার সহ-প্রতিষ্ঠান। তবে এখানে কোনো ছবির নাম উল্লেখ করা হয়নি। এই নিষেধাজ্ঞা নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেকে প্রতিক্রিয়া দেখিয়েছেন।
সিনেমা চেইনটি উল্লেখ করে ‘নিরাপত্তাজনিত কারণে’ তারা এই সিদ্ধান্ত নিয়েছে। শুধু মুখোশ, খেলনা পিস্তল বা অস্ত্র নয় কোনোভাবে মুখ ঢেকে হলে প্রবেশ করা যাবে না। বিবৃতিতে বলা হয়, প্রেক্ষাগৃহে আসা দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করতে এই নিয়ম বেঁধে দেওয়া হয়েছে।
তবে জার্মানি, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, স্ক্যান্ডেনেভিয়া ও বাল্টিক অঞ্চলে অডিয়েন গ্রুপের বাকি সিনেমা চেইনে একই পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা পরিষ্কার নয়।
যুক্তরাষ্ট্রে একইভাবে জোকারের পোশাকে প্রেক্ষাগৃহে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পাশাপাশি মুখোশ ও খেলনা অস্ত্রে আপত্তি আছে কর্তৃপক্ষের।
মুক্তির আগে ভেনিস ও টরন্টো উৎসবে পুরস্কার পাওয়া ছবিটির প্রিমিয়ারেও বেশ কড়াকড়ি আরোপ করা হয়েছিল। অবশ্য ডিসি ‘দ্য ডার্ক নাইটস’ সিরিজের প্রদর্শনীর একটি ঘটনার রেশ ধরেই সর্তকতা অবলম্বন করে প্রযোজনা প্রতিষ্ঠান।
টড ফিলিপস পরিচালিত ‘জোকার’-এর নাম ভূমিকায় অভিনয় করেছেন জোয়াকিন ফিনিক্স। সঙ্গে আছেন রবার্ট ডি নিরোর মতো কিংবদন্তি অভিনেতা।