ভোলায় পেঁয়াজের বাজারে অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে জরিমানা, দুজনকে কারাদণ্ড ও তিনটি আড়ত সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) কাওসার হোসেন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযোগ ছিল কয়েক দিন ধরে ভোলার পাইকারি পেঁয়াজ বাজারে কেজি প্রতি ৮০ থেকে ৯০ টাকা দরে বিক্রি করা হচ্ছিল। তবে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের পরই পাল্টে যায় চিত্র। ভ্রাম্যমাণ আদালত দেখামাত্র আড়তদাররা ৬০ থেকে ৬৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি শুরু করে।
অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রি করার অপরাধে চকবাজারের মেসার্স রানা ট্রেডার্সকে ৫০ হাজার ও ভাই ভাই ট্রেডার্সকে ৩০ হাজার টাকা জরিমানাসহ কেদারী মোহন সাহা স্টোরের একজনকে ১ মাসের সশ্রম কারাদণ্ড, পেঁয়াজ মজুদ করার অপরাধে ইকবাল হোসেন নামে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা ও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। এ সময় তিনটি আড়ত সিলগালা করে দেওয়া হয়।