মাঠে দর্শক ফেরাতে তরুণ ফুটবলারদের ওপর আস্থা রাখছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন। কিংবদন্তি এই ফুটবলার বিশ্বাস করেন, এই সময়ের ফুটবলাররাই দেশের ইতিহাসের ‘সর্বকালের সেরা’।
সামনে বিশ্বকাপ বাছাইয়ে পর পর দুটি ম্যাচ বাংলাদেশের। ১০ অক্টোবর ঘরের মাঠে কাতার ও ১৫ অক্টোবর কলকাতায় ভারতের মুখোমুখি হবে জেমি ডের শিষ্যরা। এই দুই ম্যাচে ফুটবলাররা ভালো খেলা উপহার দেবেন বলে বিশ্বাস করেন বাফুফে বস।
‘সেরিব্রাল পালসি ডে’ উপলক্ষে রবিবার বাফুফের কৃত্রিম টার্ফে একটি ফুটবল আসরের উদ্বোধন করেন কাজী সালাউদ্দিন। এ সময় তিনি সংবাদমাধ্যমের সঙ্গে জাতীয় ফুটবল দলের পারফরম্যান্স নিয়ে কথা বলেন। বর্তমান দলকে এযাবৎ কালের সেরা দল আখ্যা দিয়ে বলেন, ‘আপনারা হয়তো আমার সঙ্গে একমত হবেন যে এটাই এ দেশের ফুটবল ইতিহাসের সেরা দল।’
কিন্তু সেই সেরারা মাঠে দর্শক আনতে পারছে না। অথচ আশি ও নব্বইয়ের দশকের গোড়ার দিকে ফুটবলই ছিল এ দেশের মানুষের বিনোদনের প্রধান মাধ্যম। সালাউদ্দিন অবশ্য মাঠে দর্শক আনতে বর্তমান সময়ের ফুটবলারদের ওপর আস্থা রাখতে বলছেন।
‘আমাদের সময় মানুষ খেলা দেখতে আসত। এখন সেটা পাল্টে গেছে। মানুষ আর আগের মতো মাঠে আসে না। তবে আমি বিশ্বাস করি এই দলের তরুণেরা ভালো ফুটবল খেলে ফের দর্শকদের মাঠে টানবে।’- বলেন সালাউদ্দিন।
সালাউদ্দিন এমন বলছেন বর্তমান দলটার সাম্প্রতিক সাফল্যের কারণে। জামাল ভূঁইয়ারা গত বছর প্রথমবারের মতো এশিয়ান গেমসের দ্বিতীয় পর্বে খেলে। এ ছাড়া গত মে মাসে ইংলিশ কোচ জেমি ডে দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ দল এখন পর্যন্ত ম্যাচ খেলেছে ১৩টি। যেখানে ৭টিতে জয়, হার ৫টিতে আর ড্র হয়েছে একটি ম্যাচ।
কাতার ও ভারত ম্যাচ নিয়ে সালাউদ্দিন বলেন ‘এরা প্রতিপক্ষ হিসেবে আমাদের জন্য অনেক কঠিন। আমি জানি তাদের বিপক্ষে হয়তো আমাদের ছেলেরা সেরকম কিছু করতে পারবে না। তবু তাদের চেষ্টা করতে হবে। ছেলেদের নিজেদের সেরাটা মেলে ধরতে হবে। আমার চাওয়া শুধু তারা তাদের সেরাটা খেলুক।’