পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী তথা দেশটিকে ক্রিকেট বিশ্বকাপ জেতানো অধিনায়ক ইমরান খানের বিরুদ্ধে এবার সরব হলেন আরও এক ভারতীয় ক্রিকেটার। ইমরানের শাসিত পাকিস্তানকে 'সন্ত্রাসবাদীদের উর্বর ভূমি’ বলে তোপ দেগেছেন টিম ইন্ডিয়ার সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ।
পাকিস্তান সম্পর্কে এক সংবাদমাধ্যমের খবর শেয়ার করে কাইফ লিখেছেন- “হ্যাঁ, কিন্তু সন্ত্রাসবাদ নিয়ে আপনার দেশ পাকিস্তানের অনেক কিছু করার রয়েছে। কারণ দেশটি সন্ত্রাবাদ জন্মের উর্বর ভূমি। জাতিসংঘে আপনার ভাষণ অত্যন্ত দুর্ভাগ্যজনক। এক মহান ক্রিকেটার থেকে আজ পাকিস্তানের সেনা ও সন্ত্রাসবাদীদের পুতুলে পরিণত হয়েছেন।”
প্রসঙ্গত, জাতিসংঘের সাধারণ সভায় ভাষণ দিতে গিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছিলেন- “যদি দুই দেশের মধ্যে আবার যুদ্ধ শুরু হয়, তাহলে অনেক কিছুই ঘটতে পারে।” মূলত পরমাণু যুদ্ধের ইঙ্গিত ছিল ইমরানের বক্তব্যে।
ওই ভিডিও পোস্ট করে এরই মধ্যে ইমরানের বক্তব্যের কড়া সমালোচনা করেছেন বিরেন্দর শেবাগ, গৌতম গম্ভীর ও সৌরভ গাঙ্গুলি। ইমরানের বক্তব্যকে ‘আবর্জনা’ বলে মন্তব্য করেছেন সৌরভ।