নরসিংদীতে দুর্গাপূজা দেখতে এসে ট্রেনে কাটা পড়ে জুয়েল চন্দ্র দাস (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। গত রবিবার রাত ১০টায় পৌর শহরের আরশীনগর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুয়েল দাস গাজীপুর জেলার মজলিশপুর এলাকার রবীন্দ্র চন্দ্র দাসের ছেলে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক ফিরোজ আহমেদ বলেন, জুয়েল পূজা দেখতে গাজীপুর থেকে নরসিংদী আসেন। রবিবার রাতে শহরের আরশীনগর রেলক্রসিং সংলগ্ন শিক্ষাচত্বর এলাকায় একটি পূজামণ্ডপে প্রতিমা দেখে এসে মোবাইলে কথা বলতে বলতে রেলক্রসিং পার হচ্ছিলেন। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।
তিনি আরও বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।