সীতাকুন্ডে জাহাজভাঙা কারখানায় শ্রমিকের মৃত্যু

সীতাকুন্ডে পুরনো জাহাজভাঙার একটি কারখানায় দুর্ঘটনায় রবিউল ইসলাম (২১) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গত রবিবার গভীর রাতে বড় কুমিরা-সন্দ্বীপ ঘাটঘরসংলগ্ন এইচ এম স্টিল কারখানায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিউল জামালপুর জেলার ইসলামপুর থানার ডেবরাইলপেড় গ্রামের হায়াত কবিরের ছেলে।

সীতাকু- থানা সূত্রে জানা যায়, রাতে কাজ করার সময় লোহার বড় আকারের একটি প্লেট রবিউলের মাথায় পড়লে তিনি গুরুতর জখম হন। আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার সকাল ছয়টায় তিনি মারা যান। থানার পরিদর্শক (তদন্ত) শামীম শেখ বলেন, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।